পুলিশ কর্মকর্তা গৌতম হত্যায় ব্যবহূত অস্ত্রটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতমকে হত্যায় ব্যবহূত অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, এ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুরান ঢাকার ভজহরি সাহা স্ট্রিট থেকে অস্ত্রটি (স্বয়ংক্রিয় পিস্তল) উদ্ধার করা হয়।গৌতম হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আসামি জাকির ওরফে বাইট্টা জাকিরকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। পুলিশ অস্ত্র মামলায় জাকিরকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানার ভজহরি সাহা স্ট্রিট লেন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, সেখানকার ময়লার স্তূপের পাশে নর্দমার ঢাকনার নিচে অস্ত্রটি লুকিয়ে রেখেছিল জাকির। তিনি জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন যে উদ্ধার হওয়া এই পিস্তল দিয়ে গৌতমকে হত্যা করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল গভীর রাতে গৌতম রায়কে রাজধানীর ধোলাইখাল এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে।