পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা গ্রেপ্তার
ফরিদপুরে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তপন কান্তি চাকি (৩০) নামের ওই ব্যক্তির বাড়ি বোয়ালমারী পৌর এলাকার কামার গ্রামে।তিনি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের অপরাধ বিভাগের সহকারী পুলিশ সুপার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করেন। বোয়ালমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুরে বোয়ালমারী বাজারের একটি ফলের দোকানে তপনের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে আড়ালে নিয়ে পুলিশের গোপন সংকেতের বিষয়ে কিছু কথা বলেন। বিষয়টি আমার কাছে এলোমেলো মনে হলে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা জানাই। পরে মঙ্গলবার দিবাগত রাতেই তপনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, গতকাল বুধবার বোয়ালমারী থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। বোয়ালমারী থানা হেফাজতে তপন জানান, ‘নেশা থেকে ক্রাইম বিষয়ে কিছু তথ্য বের করার জন্য এ কাজ শুরু করি। আমি বুঝতে পেরেছি এটা অন্যায়।’