পুলিশ কর্মকর্তা সেজে কনের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশ কর্মকর্তা সেজে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা কথিত ঘটক। শনিবার সন্ধ্যায় উপজেলার তিতাগ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পুলিশের উপপরিদর্শক (এএসআই) পরিচয়দানকারী উৎপল মণ্ডল (৩০) ও ঘটক সেলিম খন্দকার (৪৫)।কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) অলিয়ার রহমান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। উৎপল ঢাকার পলওয়েল বিপণিবিতান থেকে পুলিশের পোশাক কেনেন। শনিবার ওই পোশাক পরে ঘটক সেলিম খন্দকারকে নিয়ে উৎপল তিতাগ গ্রামের মো. চান মিয়ার বাড়িতে যান। সেখানে তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন ও চান মিয়ার কাছে তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। উৎপলের কথাবার্তায় সন্দেহ হলে বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা গিয়ে তাঁদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, উৎপল মুকসুদপুর উপজেলার খরদার দুর্বাসুর গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে। ওই এলাকার একটি চক্র সারা দেশে এ ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত। এ ঘটনায় চান মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।