পুলিশ কর্মকর্তাদের বদলি চান বিএনপি সমর্থিত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর পুলিশ কমিশনারসহ আট পুলিশ কর্মকর্তাকে বদলির আবেদন করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব। তিনি গত রোববার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদন করার পর আবেদনের অনুলিপি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবেদন দেখেছি। আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ আহসান হাবিবের আবেদনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য বরিশাল মহানগর পুলিশের কমিশনার, তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট আটজনকে বদলি করে তাঁদের স্থানে নিরপেক্ষ পুলিশ কর্মকর্তাদের পদস্থ করার অনুরোধ জানানো হয়েছে।