পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামের অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বেলা ১১টার দিকে ডোমার বাজার রেলঘুমটি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে ওই দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে সেখানে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক দুলাল ইসলাম, ডোমার উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মইনদ্দীন আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা পরিষদ মোড়ের নিতাই চন্দ্র রায়ের আসবাব তৈরির দোকানে অবৈধ কাঠ উদ্ধার করতে যায় পুলিশ। ওই সময় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ডোমার বাজার দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুঠোফোনে ছবি তুললে তাঁকে বেধড়ক মারধর করেন এসআই আশরাফুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আশরাফুল ইসলামের অপসারণের দাবি করা হয়।
উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ওই রাতে দোকান কর্মচারী ইউনিয়নের সদস্য এবং সাধারণ মানুষ পুলিশের ওই কর্মকর্তার বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন। কিন্তু ঘটনার তিন দিনেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
তবে আশরাফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সেখানে ডোমার বন বিভাগের বিট কর্মকর্তা কামাল পাশার অভিযোগে ওই দোকানে বন বিভাগের চুরি হওয়া কাঠ উদ্ধারে যাই। সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’ ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ডোমার বন বিভাগের বিট কর্মকর্তা কামাল পাশা বলেন, ‘গত ৭ মে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের মুক্তিরহাট এলাকা থেকে সামাজিক বনায়নের একটি শিশুগাছ চুরি হয়। সেই গাছের কাঠের সন্ধান পাওয়া যায় নিতাই চন্দ্র রায়ের আসবাব তৈরির দোকানে। সেটি উদ্ধারের পর জানতে পারি, ডোমার রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমান ওই কাঠ সোফাসেট তৈরির জন্য দিয়েছেন। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি। কিন্তু এখনো মামলা তালিকাভুক্ত হয়নি।’
রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমান বলেন, ‘ওই গাছ আমি আনিনি। গাছটি ভেঙে পড়েছিল। সেটি বন বিভাগের গোসাইগঞ্জ বিটে জমা আছে। দোকানে সোফাসেট বানাতে দেওয়া কাঠ আমার শ্যালক আবদুল আজিজের কেনা।’