পুলিশ কর্মকর্তার কথামতো ফেনসিডিল না বেচায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রায় দেড় মাসেও কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগ উঠেছে, সাভারের আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তারের কথামতো ফেনসিডিল বিক্রি করতে রাজি না হওয়ায় ওই নারী ধর্ষণের শিকার হন। মামলায় আবদুস সাত্তারকে আসামি করতে চাইলেও পুলিশ তাঁর নাম রাখেনি। উল্টো তাঁর লোকজনের হস্তক্ষেপে দরিদ্র ওই নারীর স্বামীর আয়ের পথও বন্ধ হয়ে গেছে। অসহায় ওই দম্পতি সুবিচার চেয়ে ১৩ মে পুলিশ সদর দপ্তরে ডাকযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।জানা যায়, মাস সাতেক আগে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার এসআই আবদুস সাত্তারের ভগ্নিপতি সাইফুল ইসলামের বাড়িতে ওঠেন ওই দম্পতি। সাইফুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা কার্যালয়ের পরিদর্শক। সাইফুল এবং ওই নারীর শ্বশুরবাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার দক্ষিণ মেন্দা গ্রামে। এ জন্য সাইফুল তাঁদের কাছ থেকে বাসা ভাড়া নিতেন না। বিনিময়ে তাঁরা বাড়িটি দেখাশোনা করতেন। আশুলিয়ার আবদুল্লাপুর-বাইপাইল-টাঙ্গাইল সড়কের পাশে বাসের টিকিট বিক্রি করে চলত তাঁদের সংসার।মামলা ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এসআই আবদুস সাত্তার ওই বাসায় ফেনসিডিল রেখে ওই দম্পতিকে তা বিক্রির প্রস্তাব দেন। তাঁরা এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন আবদুস সাত্তার। গত ৩০ মার্চ রাতে বাসায় ফেরার পথে পলাশবাড়ি বাসস্ট্যান্ড থেকে রেজাউল ও রঞ্জুসহ আরও কয়েকজন ওই নারীকে জোর করে একটি ট্যাক্সিক্যাবে তুলে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় নিয়ে ধর্ষণ করে। রেজাউল ও রঞ্জু পলাশবাড়ি এলাকায় সাইফুল ইসলামের আরেকটি বাড়ির তত্ত্বাবধায়ক। ধর্ষণের ঘটনায় গত ১০ এপ্রিল আশুলিয়া থানায় মামলা হয়। মামলায় রেজাউল ও রঞ্জুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া ওই নারীর চিকিৎসা ছাড়পত্রে ধর্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই নারী অভিযোগ করেন, মামলার পর এসআই আবদুস সাত্তার বাসা থেকে তাঁদের তাড়িয়ে দেন। এ ছাড়া বাসের টিকিট বিক্রির কাউন্টারটি এসআই লোকজন দিয়ে বন্ধ করে দেন। বর্তমানে তাঁরা আত্মীয়স্বজন ও পরিচিত জনের আশ্রয়ে আছেন। ফেনসিডিল বিক্রির অভিযোগ অস্বীকার করে এসআই আবদুস সাত্তার বলেন, ‘রেজাউল ও রঞ্জুর সঙ্গে বিবাদের জের ধরে ওই নারী ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করেছে।’সিআইডি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘তুচ্ছ কারণে আমার বাসার তত্ত্বাবধায়ক রেজাউল ও রঞ্জুর সঙ্গে ওই দম্পতির মনোমালিন্য হয়।’মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না করে কিছু বলা যাবে না।’ বাসের টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি জানান, এমন অভিযোগ তিনি পাননি। আবদুস সাত্তারকে মামলার আসামি করতে রাজি না হওয়ার অভিযোগের বিষয়ে ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি।