পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাখালপাড়ার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মিনা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের বাসার গৃহকর্মী।তেজগাঁও থানার সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) ওয়ালিয়ার রহমানের নেতৃত্বে থানার পুলিশ নাখালপাড়ার ৫ নম্বর ন্যাম ভবনের ৭/বি ফ্ল্যাটে যায়। তারা বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিনাকে দেখতে পায়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।ওই বাসায় পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম ও তাঁর স্ত্রী থাকতেন। গতকাল বিকেলে ৫ নম্বর ন্যাম ভবনের সামনে কর্তব্যরত এসআই শামীমুল ইসলাম সাংবাদিকদের জানান, ভবনটিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা থাকেন। তরিকুল ইসলামের বাসায় তালা লাগানো। ওই বাসায় কেউ নেই।মিনার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায়। তার বাবার নাম আবদুল হামিদ। গতকাল সন্ধ্যা পর্যন্ত মিনার লাশ নিতে তার স্বজনদের কেউ ঢাকা মেডিকেল কলেজ মর্গে যায়নি। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মিনার গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রতিবেদনে এও বলা হয়, মিনা মানসিকভাবে অসুস্থ ছিল। গত বৃহস্পতিবার রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে মিনা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে বাসার লোকজন তেজগাঁও থানাকে জানায়।গতকাল শুক্রবার বিকেলে তেজগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, গতকাল শুক্রবার তরিকুল ইসলাম বাদী হয়ে তেজগাঁও থানায় অপমৃত্যু মামলা করেছেন।