পুলিশ কর্মকর্তার বাসায় চুরি
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ডিসি-উত্তর) কার্যালয়ের পাশেই সরকারি কর্মকর্তাদের বাসা। চারতলা ওই ভবনের বেশির ভাগ বাসায় থাকেন পুলিশ কর্মকর্তারা। ওই ভবনেই গতকাল শনিবার রাত আটটার দিকে সহকারী কমিশনার শুক্লা সাহার বাসায় চুরির ঘটনা ঘটেছে।জানা গেছে, চারতলা ভবনটিতে আরও কয়েকজন সহকারী কমিশনার সপরিবারে থাকেন। শুক্লা সাহার বাসা দোতলায়। তিনি বর্তমানে নগর পুলিশের দাঙ্গা শাখায় (এপিবিএন) সহকারী কমিশনার হিসেবে কর্মরত। এর আগে তিনি নগর পুলিশ কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা (স্টাফ অফিসার) ছিলেন।পুলিশ সূত্র জানায়, চোরের দল বাসার তালা ভেঙে ঘরে ঢোকে এবং আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে। এ সময় শুক্লা সাহা তাঁর স্বামীকে নিয়ে চিকিৎসক দেখাতে ঘরের বাইরে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ঘরের তালা ভাঙা এবং জিনিসপত্র লন্ডভন্ড দেখতে পান। এরপর তিনি নিশ্চিত হন, তাঁর বাসা থেকে অন্তত ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। চুরির খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।