পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শেখ জয়নুদ্দীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক আব্দুছ ছাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র (নম্বর-৭২) জমা দেন।

দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অনুসন্ধান করতে গিয়ে শেখ জয়নুদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এ পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায় তাঁর সম্পদ বিবরণী চাওয়া হয়। নোটিশ পাওয়ার পরও তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। সে কারণে ২০১৫ সালের ২৭ এপ্রিল রমনা মডেল থানায় মামলা (নম্বর-৩৭) করে দুদক।
মামলাটি তদন্ত করেন সংস্থার উপপরিচালক আব্দুছ ছাত্তার সরকার। তদন্ত শেষে শেখ জয়নুদ্দীনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযোগপত্র দাখিলের সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। কমিশন ৬ মার্চ ওই অভিযোগপত্র অনুমোদন করেন।