পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এন্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলাবিষয়ক অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নারী সহায়তা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ পরিদর্শক এনামুল হকের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দিতে আসা নারীদের যৌন হয়রানি, কক্ষে ডেকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও কেন্দ্রের কর্মচারীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী নারী ও কেন্দ্রের কয়েকজন কর্মচারী এ ব্যাপারে প্রতিকার চেয়ে একাধিকবার ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ইসমাইল হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ইসমাইল হোসেনও এসব ব্যাপারে মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত ওই সব অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্যাতনের শিকার নারীরা বিনা টাকায় সহায়তা পাওয়ার কথা। কিন্তু এনামুল হক অভিযোগকারী ও অভিযুক্ত—দুই পক্ষের কাছ থেকেই অবৈধভাবে অর্থ আদায় করছেন। অনেক সময় নারী অভিযোগকারীদের নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন এবং নানা ভয়ভীতি দেখান। এনামুল হক অভিযোগকারী অনেক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপত্তিকর প্রস্তাব দেন। এ ব্যাপারে সতর্ক করা হলে উল্টো তিনি সমাজকল্যাণ কর্মকর্তাসহ অন্য নারীকর্মীদের গালাগাল দেন।এনামুল হকের বিরুদ্ধে গত ৭ আগস্ট কেন্দ্রের এমএলএসএস জাকির হোসেন, ৬ সেপ্টেম্বর আইন সহায়ক (লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট) খালেদা পারভীন এবং ১৫ অক্টোবর ওই কার্যালয়ের ১২ জন কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ইসমাইল হোসেনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দেন। গত ৩০ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, পুলিশ পরিদর্শক এনামুল হক কেন্দ্রের নিয়ম-কানুন মানছেন না। কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল দেন। নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। সেবা নিতে আসা নারীদের কাছ থেকে অর্থ আদায় করেন। ভুক্তভোগী অর্ধশতাধিক নারী এবং কার্যালয়ের কর্মচারীরাও এনামুল হকের বিরুদ্ধে তাঁর কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চেয়েছেন। খালেদা পারভীন বলেন, ‘এনামুল হক আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। আমাকেসহ অনেককেই অনৈতিক প্রস্তাবও দিয়েছেন এনামুল।’ কেন্দ্রের হিসাবরক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, এনামুলের প্রতারণার শিকার হয়ে অনেক নারী এসে তাঁর কাছে অভিযোগ করে প্রতিকার চেয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী অভিযোগ করেন, ‘এনামুল হক কোনো অভিযোগের সমঝোতা করতে চান না। তিনি সবার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি ও আমার স্ত্রী আমাদের বিরোধের ব্যাপারে মীমাংসায় রাজি হলে তিনি তাতে বাধ সাধেন। একপর্যায়ে তিনি আমার স্ত্রীকে কুপ্রস্তাব এবং বিয়ের প্রস্তাবও দেন।’ভুক্তভোগী একজন নারী বলেন, ‘অভিযোগ দেওয়ার পর এনামুল বলেন তোমার স্বামীর সঙ্গে যাওয়ার দরকার নাই। তুমি ওকে ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করব।’সরকারি ব্রজমোহন কলেজের সমাজকল্যাণ বিভাগের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সমাজকল্যাণের ব্যবহারিক কাজের জন্য তাঁরা ওই নারী সহায়তা কেন্দ্রে গেলে এনামুল হকের আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে। তিনি অনেককে কুপ্রস্তাবও দিয়েছেন। পুলিশ পরিদর্শক এনামুল হক তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সমাজকল্যাণ কর্মকর্তার আইন সম্পর্কে জ্ঞান নাই। তাই আমি নিজে অভিযোগ গ্রহণ করি।’ যৌন হয়রানি, নারীকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল এবং সহায়তা প্রদানের পরিবর্তে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।