পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অন্যের জমি দখল করে নালা কাটার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচশতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন ও পুলিশের কাছে করা অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল পুলিশ লাইনে কর্মরত এসআই সিদ্দিকুর রহমান গত বৃহস্পতিবার সরকারি পোশাক পরে বাড়িতে অবস্থান করেন। এ সময় তিনি ১০ থেকে ১২ জন দিনমজুর দিয়ে বাড়ির পাশের মোতালেব খানের জমি দখল করে নালা কাটান। খবর পেয়ে বেলা তিনটার দিকে মোতালেব ঘটনাস্থলে গিয়ে নালা কাটায় বাধা দিলে সিদ্দিক তাঁকে মারধর করেন। এ ঘটনায় রাতে মোতালেব সিদ্দিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মোতালেব খান বলেন, ‘সিদ্দিক পুলিশের পোশাক পরা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে লোকজন দিয়ে আমার জমি দখল করে নালা কাটান। তিনি বরিশালে চাকরি করেন অথচ পুলিশের পোশাক পরে বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করছেন।’
প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, তিনি সিদ্দিকুর রহমানকে পুলিশের পোশাক পরা অবস্থায় দেখেছেন। সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি পিরোজপুরে কাজে গিয়েছিলাম। সেখান থেকে বাজার করার জন্য পোশাক পরিহিত অবস্থায় বাড়ি গিয়েছিলাম।’ নালা কাটার জমি তিনি নিজের বলে দাবি করেন।
মঠবাড়িয়া থানার এসআই ফারুক হোসেন জানান, সিদ্দিক ও মোতালেবের বিরুদ্ধে দুটি পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। শনিবার (আজ) দুই পক্ষকে বসে বিষয়টি মীমাংসা করতে বলা হয়েছে। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুল হক বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে ভর্ৎসনা করে সতর্ক করা হয়েছে।