পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. আশরাফ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।একটি পকেটমারার ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামির স্ত্রী গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেছেন।আদালতের বিচারক মাহফুজা বেগম মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে বাদীর আইনজীবীর আবেদনের ভিত্তিতে বাদীকে তাঁর এক শিশুসন্তানসহ বিভাগীয় নিরাপত্তা হেফাজত কেন্দ্রে রাখার আদেশ দেন। এরপর বিকেলে বাদীকে তাঁর দুই বছরের শিশুকন্যাসহ নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।মামলার আরজিতে বাদী বলেন, চলতি বছরের ১৬ মার্চ বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল থেকে পকেটমার সন্দেহে পুলিশ কয়েকজনকে আটক করে। তাঁর স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালান। জনসভার মাঠে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাঁর স্বামীর সঙ্গে উপপরিদর্শক মো. আশরাফ আলীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গোয়েন্দা পুলিশ তাঁর স্বামীকে আটক করে শারীরিক নির্যাতন করেন এবং পকেটমারার মামলায় জড়িয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। এরপর স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য বাদী তাঁর শাশুড়িকে নিয়ে বিভিন্ন সময়ে আশরাফ আলীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। আশরাফ আলী সব সময় তাঁকে বাড়িতে এসে দেখা করতে পরামর্শ দেন। একপর্যায়ে গত ২৩ জুন সকালে তিনি তাঁর দুই বছরের মেয়ে, শাশুড়ি ও ননদকে নিয়ে বাগেরহাট আদালতের পূর্ব পাশে অবস্থিত আশরাফ আলীর বাসায় যান। তাঁর ননদ ও শাশুড়ি একটু দূরে দোকান থেকে আশরাফ আলীর বাচ্চাদের জন্য কিছু খাবার কিনতে যান এবং তিনি বাসায় ঢোকেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়া হয়। আশরাফ আলী তাঁকে একা পেয়ে ঘরের দরজা আটকে ধর্ষণ করেন। এ কথা প্রকাশ পেলে তাঁকে গুলি করে মারার হুমকি দেন। কিছুক্ষণ পর তাঁর শাশুড়ি ও ননদ সেখানে এসে দরজা ধাক্কা দিলে এক নারী বাইরে থেকে দরজা খুলে দেন। তখন আশরাফ আলী তাঁকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেন। বাদী তখনই ঘটনাটি তাঁর শাশুড়ি ও ননদকে জানান। পরে ২৭ জুন তাঁর স্বামী কারাগার থেকে জামিনে মুক্তি পান। এরপর ধর্ষণের ঘটনা জানতে পেরে তাঁকে মারধর করেন এবং তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন।বাদীর আইনজীবী মো. কামরুজ্জামান হাওলাদার অভিযোগে জানান, বাদীর কাছে ধর্ষণের আলামত হিসেবে ঘটনার দিন ব্যবহূত সালোয়ার-কামিজ রয়েছে। ওই আলামত পরীক্ষার আবেদন জানিয়ে তা আজ বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া হবে।এ ব্যাপারে জানতে চাওয়া হলে আশরাফ আলী ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য মিথ্যা ধর্ষণের ঘটনা সাজানো হয়েছে।পুলিশ কর্মকর্তা আশরাফ আলী আরও বলেন, এ ধরনের ঘটনার আশঙ্কায় তিনি ১৪ জুলাই বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম জিডি করার সত্যতা নিশ্চিত করেছেন।