পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় বাদী
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমানের বিরুদ্ধে এক নারী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা করে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই নারী এ অভিযোগ করেন। এ সময় মামলার বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন মো. মাহাবুবুর রহমান তাঁর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, ‘গত ১৭ অক্টোবর দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমাকে ও আমার মাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রাতে তিনি আমাকে হাজত থেকে বের করে তাঁর কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে আমার মা-ও চিৎকার করতে থাকেন। তখন সেখানে দুই নারী পুলিশ সদস্য ও লোকজন উপস্থিত হলে তিনি আমাকে ছেড়ে দেন। পরের দিন আমাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ২৫ অক্টোবর জামিন পাওয়ার পর জানতে পারি, একটি ফেসবুকে আমার ছবি পোস্ট করে তাতে নানা খারাপ কথা লেখা হয়েছে। এরপর থানায় অভিযোগ না নেওয়ায় আদালতে মামলা করি। মামলা করার পর থেকে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত বাদীর আইনজীবী সালাউদ্দিন মো. মাহাবুবুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার আদালত থেকে বাড়ি ফেরার পথে জেলা স্টেডিয়ামের সামনে কয়েকজন সন্ত্রাসী তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এ সময় যুবকেরা ওই পরিদর্শকের বিরুদ্ধে মামলা পরিচালনা করায় আমাকে বকাঝকা করে।’ বাদীর মা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার স্বামী ও ছেলে জেলে। মেয়েটাকে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়র বাড়িতে উঠেছি। আমি রাষ্ট্রের কাছে আমার মেয়ের নিরাপত্তা চাই।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই নারী আমাদের কাছে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’
গত সোমবার পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমানের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন এক নারী। বিচারক মো. গোলাম কিবরিয়া মামলাটি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমকে অনুসন্ধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘আসামির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।