পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়ার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির মা মেরী রহমান গতকাল বুধবার জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বাচ্চু মিয়া অভিযোগ অস্বীকার করেন।পুলিশ জানায়, ২০০৯ সালে খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার এনবা অ্যাঞ্জেলা ওরফে মৌয়ের (২২) সঙ্গে পাবনার আতাইকুলার গাঙ্গুহাটি এলাকার বাচ্চু মিয়ার বিয়ে হয়। বাচ্চু জয়দেবপুর থানায় যোগ দেওয়ার পর স্ত্রীকে নিয়ে গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় বিএন টাওয়ারের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তাঁদের সংসারে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে ১৬ মে অ্যাঞ্জেলা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অ্যাঞ্জেলাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই ঘটনায় গতকাল বিকেলে অ্যাঞ্জেলার মা মেরী রহমান এসআই বাচ্চু ও তাঁর ছোট ভাই শাহীন মিয়ার বিরুদ্ধে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেন।

মেরী রহমান অভিযোগ করেন, বাচ্চু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে প্রায় নির্যাতন করতেন। টাকা না পাওয়ায় বাচ্চু ও শাহীন তাঁর মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে মেরে ফেলেছেন।

অভিযোগ অস্বীকার করে এসআই বাচ্চু বলেন, ‘আমার স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছে। তাকে বাঁচাতে আমি সাধ্যমতো চেষ্টা করেছি।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, অ্যাঞ্জেলার মৃত্যুর পর তাঁর দেবর শাহীন ২০ মে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। মেরী রহমানের অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।