পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা রুহুল কবির তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তার স্ত্রী শাহরীমা ফেরদৌসকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহরীমা রুহুল কবিরের বিরুদ্ধে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে শায়েস্তা করতে স্ত্রী শাহরীমা নিজেই নিজেকে আঘাত করে হাসপাতালে ভর্তি হয়েছেন। শাহরীমা তাঁর ছেলেকে মারধর করলে তিনি বাধা দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহরীমা এ ঘটনা ঘটান।
কাফরুল থানায় করা জিডিতে শাহরীমা উল্লেখ করেন, তিনি একমাত্র ছেলেকে নিয়ে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন। ২২ ডিসেম্বর রাতে ওই বাসায় পুলিশ কর্মকর্তা রুহুল কবির রড দিয়ে তাঁর বাঁ হাতে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। বিয়ের পর থেকে রুহুল কবির তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে এত দিন নীরবে সব সহ্য করছিলেন বলে তিনি উল্লেখ করেন।
হাসপাতালের দেওয়া সনদে বলা হয়, শাহরীমা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
শাহরীমার বাবা শহীদ উল্লাহ গতকাল বলেন, তাঁর মেয়ে রুহুল কবিরের বিরুদ্ধে মামলা করবেন। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।