পুলিশ কর্মকর্তার মায়ায় বাঁচল গন্ধগোকুল জোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীভাবে যেন লোকালয়ে এসে পড়েছিল নিশাচর দুই গন্ধগোকুল। সিলেট নগরের ব্যস্ত মীরের ময়দান পুলিশ লাইনস এলাকায় গতকাল শুক্রবার একটি গাছের ডালে শুয়ে ছিল ওরা। দেখেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। অতি উৎসাহী কিছু মানুষ এদের মারতেও উদ্যত হয়। সিলেট রেঞ্জ রিজার্ভ পুলিশের অধিনায়ক খবর পেয়ে গিয়ে প্রাণী দুটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে একটি রেইনট্রি গাছের দুটো ডালের খাঁজে দুটি গন্ধগোকুলকে ঘাপটি মেরে বসে থাকতে দেখা যায়। বনাঞ্চলে বিচরণকারী নিশাচর এ প্রাণী দুটিকে দেখে কিছু মানুষ ঢিল ছুড়তে শুরু করে। ঘটনাটি পুলিশ লাইনস এলাকায় হওয়ায় খবর পেয়ে রিজার্ভ পুলিশের অধিনায়ক আনসার উদ্দিন খান পাঠান গিয়ে প্রাণী দুটি উদ্ধার করেন।আনসার উদ্দিন বলেন, ‘সম্ভবত পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছিল গন্ধগোকুল জোড়া। মানুষ না বুঝে, ওদের মারতে উদ্যত হয়েছিল। পরে ওদের উদ্ধার করে পাশের বনাঞ্চলে ছেড়ে দিয়েছি।’ প্রাণী ও পাখি বিশেষজ্ঞ শরীফ খান জানান, গন্ধগোকুল অতি বিপন্ন একটি প্রাণী। ঘন বনাঞ্চলে এরা বিচরণ করে। নিশাচর হওয়ায় দিনে এরা গুটিসুটি মেরে থাকলেও রাতে এরা দ্রুত বিচরণ করতে পারে। এক লাফে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত যায় এরা। অঞ্চল ভেদে এ প্রাণীকে কোথাও ‘লেনজা’, কোথাও ‘সাইরেল’ আবার কোথাও ‘গাছ খাটাশ’ বলে। কীটপতঙ্গ ও ফলমূল খায় বলে এদেরকে কৃষকের বন্ু্লও বলা হয়। তিনি আরও বলেন, বনে খাবার না পেয়েই হয়তো প্রাণী দুটি সিলেটের ওই লোকালয়ে আশ্রয় নিয়েছিল।