পুলিশ কর্মকর্তার মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ৫
গাইবান্ধার সাদুল্যাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পুলক চন্দ্রের স্কুলপড়ুয়া মেয়েকে (১৩) অপহরণের অভিযোগে গতকাল শনিবার নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের কালিপদ চন্দ্র (৫৫), তাঁর স্ত্রী অঞ্জলী রানী (৫০), মেয়ে (১৮), একই উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামের মধু মিয়ার ছেলে আবদুল কাফি (২২) ও খোর্দ্দপাঠানোছা গ্রামের একরামুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৮)।
পুলিশ জানায়, পুলক চন্দ্রের মেয়ে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। সে গতকাল সকাল আটটার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। পথে কামারপাড়া গ্রামের কালিপদ চন্দ্রের ছেলে রিপন চন্দ্র (২২) ও তাঁর সহযোগীরা পুলকের মেয়েকে অপহরণ করেন। এ নিয়ে পুলক চন্দ্রের স্ত্রী বাদী হয়ে গতকালই সাতজনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন।
পুলক চন্দ্র অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে রিপন চন্দ্র তাঁর মেয়েকে স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কালিপদ চন্দ্র ও অঞ্জলী রানী অপহরণের অভিযোগ অস্বীকার করে জানান, প্রেমঘটিত কারণে পুলিশ কর্মকর্তার মেয়ে বাবা-মায়ের ভয়ে পালিয়ে যেতে পারে।