পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নূরে আলমের স্ত্রী সুরভী আক্তার মণির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি এটা হত্যাকাণ্ড।

রোববার রাত আটটার দিকে বরিশাল নগরের কাশীপুর মদিনা সড়কের ভূঁইয়া বাড়ির মো. দিদারের দোতলা ভবনের একটি ভাড়া ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার রাতেই মামলা হয়েছে।

নিহত সুরভীর স্বজনেরা জানান, এসআই নূরে আলমের আগের একটি বিয়ে রয়েছে। ওই সংসারে তাঁর তিনটি সন্তান। প্রথম স্ত্রী থাকাবস্থায় সুরভীর সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন তিনি। সুরভীরও আগের বিয়ে ছিল। ওই সংসারের স্বামীকে তালাক দিয়ে তিন বছরের একটি ছেলেসহ নুরে আলমের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় সুরভীর।

সুরভীর ভাই ও মামার দাবি, নূরে আলম-সুরভীর দাম্পত্য কলহ লেগেই থাকত। বিয়ের পর প্রায়ই সুরভীর ওপর নির্যাতন করতেন নূরে আলম। তাঁদের দাবি সুরভীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে বিষয়টি আত্মহত্যা বলে দাবি করেছেন সুরভীর স্বামী এসআই নূরে আলম। তাঁর ভাষ্য, সুরভী আক্তার অত্যন্ত বদমেজাজি। এর আগেও তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা হত্যা করা হয়েছে দাবি করলেও পরে তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চেয়েছে। কিন্তু আমরা ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। ওসি জানান, এ ব্যাপারে সুরভীর মামা মো. আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।