পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ খুন, ২ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় পুলিশের সাবেক কর্মকর্তার স্ত্রী রওশন আরা (৬৫) ও তাঁর গৃহকর্মী মোসাম্মৎ কল্পনা (১২) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাঈদ হাওলাদার ও রিয়াজ নাগরালি। ওই আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ২৪ মার্চ নিজ বাসায় রওশন আরা ও মোসাম্মৎ কল্পনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়। ঘটনার পরদিন জড়িত সন্দেহে সাঈদ হাওলাদারকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। সাঈদ হাওলাদার গৃহকর্মী কল্পনার ভাই। পরে সাঈদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ জানায়, কল্পনা ও তার মা লাকী আক্তার রওশন আরার বাসায় কাজ করতেন। ঘটনার দিন সাঈদ বন্ধু রিয়াজকে নিয়ে তাঁর মায়ের (লাকী আক্তার) সঙ্গে দেখা করতে রওশান আরার বাড়িতে যান। সেখানে একপর্যায়ে বাড়ির মালিক রওশন আরা বেগমের কাছে তিনি সবজির ব্যবসা করার জন্য ১০ হাজার টাকা চান। রওশন আরা টাকা দিতে অস্বীকার করেন এবং সাঈদকে বকাঝকা করেন। এতে তিনি উত্তেজিত হয়ে ওই বাসার অন্য একটি কক্ষ থেকে ধারালো ছুরি দিয়ে বন্ধু রিয়াজের সহায়তায় রওশন আরা বেগমের গলায় ছুরি চালিয়ে হত্যা করেন। এ সময় তাঁর বোন কল্পনা আক্তার এ ঘটনা দেখে চিৎকার দেওয়ার চেষ্টা করে। একই ছুরি দিয়ে রিয়াজের সহায়তায় তাঁর ছোট বোন কল্পনাকেও বসার ঘরে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁরা ওই বাসা থেকে ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান। এ সময় লাকী আক্তার বাড়ির বাইরে ছিলেন।

পরে পুলিশ এই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।