পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ২০৯ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৭৯।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ এলাকায় গতকাল দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন l ছবি: প্রথম আলো
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ এলাকায় গতকাল দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় যাত্রীবাহী একটি বাস। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন l ছবি: প্রথম আলো

অসুস্থতার কারণে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন উপপরিদর্শক (এসআই) আবুল বাশার (৩২)। পথে ঢাকা-আরিচা মহাসড়কে বেলা তিনটার দিকে গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। গতকাল সোমবার দুপুরে মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ।

এসআই আবুল বাশার টাঙ্গাইলের কালিহাতী থানাধীন মোগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার আওলাদ হোসেনের ছেলে। কোন ধরনের যানের চাপায় তিনি নিহত হয়েছেন, পুলিশ তা জানাতে পারেনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকেলে বাসচাপায় অটোরিকশা আরোহী মাহী বাবু রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পশ্চিম বুধপাড়ার বাসিন্দা হাসেম আলীর ছেলে মাহী বাবু একজন ব্যবসায়ী ছিলেন।

চট্টগ্রামের মিরসরাইয়ের বিএসআরএম গেট এলাকায় বিকেলে একটি যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে মো. আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসটির চালক ছিলেন।

ফেনীর দাগনভূঞায় সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। দাগনভূঞা-বসুরহাট সড়কের মুনশিবাড়ির দরজা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সিএনজি অটোরিকশাযোগে বসুরহাট থেকে ফেনী আসছিলেন। দাগনভূঞা-বসুরহাট সড়কের মুনশিবাড়ির দরজা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সড়কের পাশের একটি গাছকে সজোরে ধাক্কা দেয়।

এর আগে গত রোববার রাতে শেরপুরের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় বাজার মোড়ে বাসের চাপায় মো. রকিন (২০) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার নয়াবাড়ি বিবিরচর গ্রামের আবু সাইদের ছেলে। একই রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন (৩০) নামে এক নছিমনযাত্রী নিহত হয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা সোহবার মবিল ব্যবসায়ী ছিলেন।

এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় গতকাল দুপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।