পুলিশ কী ব্যবস্থা নিল জানাতে কমিশনারকে ইসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড পর্যায়ে মনজুর আলমের একটি নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে গতকাল রোববার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে কমিশনারকে।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, হামলার পর শনিবার রাতে ও গতকাল রোববার সকালে দুই দফা বায়েজিদ থানায় মামলা করতে যান তাঁরা। কিন্তু পুলিশ মামলা না নেওয়ায় তাঁরা ফিরে যান। পরে বিকেলে আওয়ামী লীগের তিনজন কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন বিএনপির একজন কর্মী।
গত শনিবার বিকেলে চট্টগ্রামের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পে ছাত্রলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। তখন ক্যাম্পে প্রস্তুতি সভা করছিলেন সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলম। তাঁকেও লাঞ্ছিত করা হয়। আহত হন ১০ থেকে ১২ জন নেতা-কর্মী।
তবে হামলার বিষয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরীর দাবি, শনিবার বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. জুনাব আলীর নির্বাচনী কার্যালয়ে ভূমিহীনেরা হামলা করেছে। ওই কার্যালয়ে মনজুর আলমের পক্ষে গণসংযোগ করছিলেন সৈয়দ ওয়াহিদুল আলম। এই জুনাব আলী সাত হাজার ভূমিহীন লোককে উচ্ছেদ করে পাহাড়ি জায়গা দখল করেছিলেন। তাই শনিবার বিকেলে ক্ষুব্ধ ভূমিহীনেরা হামলা চালায়, যার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।
আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে মো. জুনাব আলী বলেন, ‘শনিবার আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এই কার্যালয় থেকে মনজুর আলমেরও প্রচারণা চালানো হচ্ছে। শনিবারের হামলাকারীরা সরকার-সমর্থক। ওরা ভূমি দখল নিয়ে যে অভিযোগ করেছে, তা সত্য নয়। ওরা কাহিনি সাজিয়েছে।’
নির্বাচনী ক্যাম্পে হামলার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘মনজুর আলমের পক্ষে আমরা এ-সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। পত্রিকায় ঘটনাটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই পুলিশ কমিশনারকে আমরা লিখিত চিঠি দিয়ে বলেছি হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিন দিনের মধ্যে জানাতে।’
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল গতকাল রাতে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, রিটার্নিং কর্মকর্তার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। চিঠি পাঠানোর কথা তাঁকে জানিয়েছেন তিনি।
মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার বিষয়ে পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। যারা অপরাধী, তাদের ধরতে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।
তবে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পুলিশ মামলা নিয়েছে সত্য। কিন্তু সেটা লোক দেখানো কি না, তা গভীর পর্যবেক্ষণ করছি আমরা। আর নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা। নির্বাচন কমিশন কী ভূমিকা রাখছে, সেটাও আমরা পর্যবেক্ষণ করছি।’
হামলার প্রতিবাদে গতকাল সকালে মেহেদীবাগে বিএনপির পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবারের হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তাঁরা বলেন, এভাবে হামলা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে চট্টগ্রাম শহরে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তাঁরা।
এ সময় সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘একটি প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা নির্বাচন করছি। যারা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে, তাদের অস্ত্র আছে। এমন অবস্থায় দলীয় প্রার্থী নিয়ে আমাদের অগ্রসর হওয়া কঠিন কাজ।’ তাঁর অভিযোগ, সরকার-সমর্থকদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে। এ অবস্থায় মৃত্যু সামনে রেখে ভোটের জন্য এগিয়ে যাওয়া কঠিন। তিনি বলেন, যদি নির্বাচন করতে হয়, তাহলে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিকল্প নেই।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে ভোট গ্রহণের সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাঁর অভিযোগ, সরকার-সমর্থকেরা পেশিশক্তি ব্যবহার করে ফলাফল অনুকূলে নিতে চান