পুলিশ কোনো দলের বাহিনী হতে পারে না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কোনো দলের বাহিনী হতে পারে না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শনিবার সকালে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি পুলিশ ও প্রশাসনকে ‘রোগমুক্ত’ করার আহ্বান জানান।
পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘আজকে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পুলিশ তো আমাদের এই দেশেরই ছেলে। এই দেশের ছেলে এইভাবে মানসিকভাবে রুগ্ণ হবে?’ তিনি বলেন, পুলিশকে রোগমুক্ত করতে হবে।
কামাল হোসেন বলেন, ‘সংবিধানে বলা আছে, জনগণ ক্ষমতার মালিক। মালিককে মালিকের ভূমিকা রাখতে হবে। অনেক সময় মালিকের ভূমিকা রাখতে কিছুটা ঝুঁকিও নিতে হয়। মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, সুশাসন চায়, আইনের শাসন চায়। স্বাধীন দেশে দলীয় সরকার, দলীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করবে—এটা কিন্তু সংবিধানপরিপন্থী। দলীয় সরকার থাকবে, কিন্তু তাতে সংবিধান মেনে ক্ষমতা পালন করতে হবে।’ জঙ্গিবাদ কোনো ধর্মের শিক্ষা হতে পারে না। যারা এগুলো করে, তাদের অসুস্থ বলেও মন্তব্য করেন বিশিষ্ট এই আইনজীবী।
দলের নেতাদের উদ্দেশে কামাল হোসেন বলেন, ‘চাঁদাবাজির জন্য রাজনীতি, দখল করার জন্য রাজনীতি কোনো রাজনীতি নয়। এটা হলো রুগ্ণ রাজনীতি। মানে এটা একটা গুরুতর রোগ।’ তিনি বলেন, ‘গণফোরাম সেই রাজনীতি মরে গেলেও করবে না। আপনারা সবাই আমাকে ছেড়ে গেলেও বলব না, রুগ্ণ রাজনীতি করেন।’
বর্ধিত সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীনসহ দলটির কেন্দ্রীয় ও জেলা থেকে আসা নেতারা অংশ নেন। বর্ধিত সভায় গণফোরামকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আগামী দিনের করণীয় বিষয়ে নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেন।