পুলিশ ক্যাম্পে জনতার হামলা ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পে গতকাল শনিবার সহস্রাধিক জনতা হামলা চালিয়েছে। হামলাকারীরা ক্যাম্পের ওয়্যারলেস টাওয়ার ও প্রবেশের ফটক ভাঙচুর করে। এক ব্যক্তিকে আটকের কারণে জনতা এ হামলা চালায়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হকসহ তিনজনকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার গোপালপুর গ্রামের জামাল উদ্দিন ও এলাহী বক্স নামে দুই মাতব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিকেলে তারা আবারও সংঘর্ষের প্রস্তুতি নেয়। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ দিগনগর গ্রামের নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে। পরে দিগনগরের ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের সুপারিশে পুলিশ তাকে ছেড়ে দেয়। সন্ধ্যার দিকে তোজাম্মেল হকের নেতৃত্বে সহস্রাধিক লোক তমালতলা পুলিশ ক্যাম্পে হামলা চালায়। হামলাকারীরা প্রায় ৩০-৪০ মিনিট পুলিশ ক্যাম্প ঘেরাও করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তারা ক্যাম্পের ওয়্যারলেস টাওয়ার ও ফটক ভাঙচুর করে। পরে পাঁচটি গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তোজাম্মেল হক, আলিফ হোসেন ও সহিদুল ইসলামকে আটক করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।