পুলিশ ক্লিয়ারেন্স সেল থেকে ছাড়পত্র মেলে সহজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ ক্লিয়ারেন্স সেল থেকে রাজধানীর যেকোনো এলাকার বাসিন্দা পুলিশের ছাড়পত্র পেতে পারেন। কাগজপত্র ঠিকঠাক থাকলে কারও একবারের বেশি আসতে হয় না। ঘরে বসে কুরিয়ারেই যে-কেউ হাতে পেতে পারেন ছাড়পত্র।
ক্লিয়ারেন্স সেলের দায়িত্বে থাকা পরিদর্শক মো. শরীফ উদ্দৌলা বলেন, ‘রাজধানীতে ৪৯টি থানা আছে। যে যেই থানা এলাকারই বাসিন্দা হোন না কেন, রমনার ওয়ান-স্টপ সেন্টার থেকে সেবা পাবেন। পুরো প্রক্রিয়া শেষে ছাড়পত্র পেতে সর্বোচ্চ সাত দিন সময় লাগে।’
এই সেলে কাগজপত্র জমা রেখে প্রার্থীকে একটি টোকেন দিয়ে দেওয়া হয়। সেবাগ্রহীতার দেওয়া তথ্য সংশ্লিষ্ট থানা যাচাই-বাছাই করে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দপ্তর ঘুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় কাগজপত্র। সেখানে আরেক দফা খতিয়ে দেখার পর ক্লিয়ারেন্স সেল থেকে পুলিশ ছাড়পত্র কুরিয়ারে সেবাগ্রহীতাকে পাঠিয়ে দেয়।
প্রতিদিন গড়ে তিন শ মানুষ এই সেল থেকে সেবা পায়। তবে কখনো কখনো ঢাকার বাসিন্দা নন, এমন লোকজনও চলে আসেন। এখান থেকেই সংশ্লিষ্ট থানায় সেবাগ্রহীতাকে তখন পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশের ছাড়পত্র পেতে কী কী কাগজপত্র লাগবে, তা পাওয়া যাবে এই ঠিকানায় http://dmp.gov.bd/public/dmpuploads/files/Police%20 Clearance.pdf
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ক্লিয়ারেন্স সেলে জনা বিশেক মানুষকে দেখা যায়। তাঁদের কেউ বিদেশে পড়তে যেতে চান, কেউ কাজ করতে যাবেন। বিদেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন এমন কাউকে কাউকেও পাওয়া গেল। বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রী উচ্চশিক্ষার্থে বিদেশে যেতে চান। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে ছিল না। পুলিশ কর্মকর্তা তাঁকে দেয়ালে ঝোলানো তালিকাটা দেখিয়ে দেন। তারপর আসতে বলেন। কথা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী বাবা-মায়ের সঙ্গে। তাঁরা এক বছর আগে একবার বাংলাদেশে থাকা মেয়ের জন্য পুলিশি ছাড়পত্র নিয়েছিলেন। তখন মেয়ের ভিসা হয়নি। এখন ভিসা হওয়ায় নতুন করে ছাড়পত্র নিতে হবে।
তবে কমপক্ষে তিন ব্যক্তিকে পাওয়া গেছে, যাঁরা সেবাদাতা পুলিশের উল্টো পাশে দাঁড়িয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও বড় পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় দিতে শুরু করেছিলেন। উল্টোদিকে সেবা দেওয়ার জন্য বসে থাকা পুলিশ কর্মকর্তাদের কাউকে কাউকে হাসতে দেখা যায়।