পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে আহত ১৫
জামালপুরের ইসলামপুরে আসামি গ্রেপ্তার করা নিয়ে গত রোববার পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশকে মারধর করে দুই আসামিকে ছিনিয়ে নেয় গ্রামবাসী।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কয়েক আসামিকে ধরতে ইসলামপুর থানার এসআই আবু সায়েমের নেতৃত্বে একদল পুলিশ গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কান্দারচর গ্রামে অভিযান চালায়। তারা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন ও রজব আলীকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে কয়েক শ গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যায়। গ্রামবাসী ওই দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় গ্রামবাসী কয়েক পুলিশ সদস্যকে মারধর করে গিয়াস উদ্দিন ও রজব আলীকে ছিনিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ আটটি ফাঁকা গুলি ছুড়ে পিছু হটে। সংঘর্ষে এসআই আবু সায়েম ও হাফিজুর রহমান, এএসআই মোবারক আলী, কনস্টেবল আবদুর রহিম ও লায়েফ আলী এবং ১০ গ্রামবাসী আহত হন।এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা করা হয়েছে।