পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার করতে গেলে গত রোববার পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে দুই পুলিশ, মহিলাসহ ১৭ গ্রামবাসী আহত হয়। পুলিশ গৃহবধূকে উদ্ধার ও স্বামীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আলমগীর হোসেন দেড় বছর আগে পেঁচিবাড়ী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে তানিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ অবস্থায় রোববার সন্ধ্যায় তানিয়ার মা নূরজাহান বেগম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তানিয়াকে তাঁর স্বামী বাড়িতে আটক রেখে নির্যাতন করছেন। অভিযোগের ভিত্তিতে সহকারী পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাদা পোশাকে কয়েকজন পুলিশ নিয়ে রাত আটটায় আলমগীরের বাড়িতে যান। পুলিশ আলমগীরকে ঘর থেকে টেনে বের করার চেষ্টা করে। এ সময় ছেলেকে রক্ষা করতে মা জাহানারা পা জড়িয়ে ধরলে পুলিশ তাঁকে এলোপাতাড়ি লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পুলিশের এমন আচরণে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে পুলিশকে ঘেরাও করে। খবর পেয়ে সহকারী উপপুলিশ পরিদর্শক শাহাজুল ইসলামের নেতৃত্বে আরও ১০ জন অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে লাঠিপেটা করে। প্রায় আধঘণ্টা পুলিশ-গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।সহকারী উপপুলিশ পরিদর্শক শাহাজুলের দাবি, জনগণ তার হাতের দামি ঘড়ি ছিনিয়ে নিয়েছে এবং তিনি ও এক কনস্টেবল আহত হয়েছেন। নির্যাতিত গৃহবধূর মা নূরজাহান বেগম বাদী হয়ে আলমগীর হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় নারী নির্যাতনের মামলা করেছেন। ধুনট থানার পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক বলেন, ‘পুলিশের সঙ্গে গ্রামবাসীর অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি।’