পুলিশ চাইলে পার্কিং থাকবে না

২০১৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে ডিএসসিসি ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন হাসিবুর রহমান। গতকাল তিনি ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: আজিমপুর রোডে অবৈধ বাসস্ট্যান্ড ও আজিমপুর কবরস্থান রোডের পার্কিং ও দোকানপাট উচ্ছেদ করবেন কি?
কাউন্সিলর: আজিমপুর কবরস্থান রোড থেকে একাধিকবার অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদ করেছি। কিন্তু পরদিনই তারা বসে পড়ছে। ব্যক্তিগত গাড়িও পার্ক করা হচ্ছে। তবে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে চাইলে তারা আর যত্রতত্র গাড়ি পার্ক করতে পারবে না। দোকানিরাও বসতে পারবে না।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ না ছিটানোর অভিযোগ আছে।
কাউন্সিলর: আমার ওয়ার্ডে সকাল-বিকেল দুবার মশার ওষুধ ছিটানো হয়। তবে আজিমপুরের সরকারি কলোনিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকায় বেশি মশা জন্মায়। কলোনিগুলো সিটি করপোরেশনকেও পরিষ্কার করতে দেওয়া হয় না।
প্রথম আলো: আপনার ওয়ার্ডের আলীম ঈদগাহ মাঠ খেলাধুলার অনুপযোগী। রসুলবাগ পার্কেও শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য কোনো সরঞ্জাম নেই।
কাউন্সিলর: এই খেলার মাঠসহ ঢাকা শহরের ৩১টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন প্রকল্প নিয়েছে ডিএসসিসি। ইতিমধ্যে এই মাঠ ও পার্কের নকশা ও দরপত্র চূড়ান্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে আলীম ঈদগাহ মাঠ ও রসুলবাগ পার্কের সংস্কারকাজের উদ্বোধন করবেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আগামী এক বছরের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন হবে।
প্রথম আলো: ব্যায়ামাগারগুলোতে পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা করতে কোনো পদক্ষেপ নিয়েছেন?
কাউন্সিলর: ব্যায়ামাগারগুলোতে পর্যাপ্ত উপকরণ না থাকার বিষয় নিয়ে মহল্লার অনেক তরুণ অভিযোগ করেছেন। তাই দুই বছর ধরে ব্যায়ামাগারগুলোতে পর্যাপ্ত উপকরণ দিতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হচ্ছে। কিন্তু তাঁরা তেমন গুরুত্ব দিচ্ছেন না। বিষয়টি এখন মেয়রকে জানানো হবে।