
২০১৫ সালের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ার পারভেজ। গত বুধবার তিনি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: খাজে দেওয়ান প্রথম লেন ও এতিমখানা রোডের জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে?
কাউন্সিলর: ওই দুটি সড়কের বৃষ্টির পানি সরার নালা ময়লা-আবর্জনায় ভরে গেছে। ঢাকা ওয়াসাকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত দুই বছর আগেও এই এলাকায় কোনো জলাবদ্ধতা ছিল না। বর্তমানে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রথম আলো: চকবাজারের যানজট নিরসন বা চক সার্কুলার রোডের প্রশস্ততা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে?
কাউন্সিলর: পুরান ঢাকা এমনিতেই ঘিঞ্জি। এর মধ্যে চকবাজার বাণিজ্যকেন্দ্রিক হওয়ায় এই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে আমি কথা বলব।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ আছে।
কাউন্সিলর: প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। গত মে মাস থেকে মশার ওষুধ ছিটানো বেড়েছে।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করা হয় বলে অভিযোগ আছে।
কাউন্সিলর: মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ তেমন ব্যবস্থা নেয় না। এতেই দিনে দিনে এর বিস্তার ঘটছে। পুলিশ আন্তরিকভাবে চাইলে মহল্লায় কোনো মাদকসেবী বা ব্যবসায়ী থাকতে পারবে না।