পুলিশ-চোরাকারবারি বন্দুকযুদ্ধ, চার পুলিশসহ গুলিবিদ্ধ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলীয় হারিয়াখালী গ্রামে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে পুলিশের সঙ্গে চোরাচালানিদের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পুলিশের চার সদস্য ও তিন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ইয়াবা বড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার জাহান ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ রাত আটটার দিকে উপকূলের হারিয়াখালী গ্রামের বেড়িবাঁধসংলগ্ন স্থানে অবস্থান নেয়। রাত নয়টার দিকে ১০-১২ জন চোরাকারবারি একটি নৌকা থেকে নেমে বেড়িবাঁধে উঠছিলেন। এ সময় পুলিশ তাঁদের থামতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আজম ও মাকসুদুর রহমান এবং কনস্টেবল কাউসার উদ্দিন ও বোরহান উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন্দুকযুদ্ধে চোরাকারবারি দলের তিন সদস্য গুলিবিদ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১০টায় ঘটনাস্থল থেকে ওসি রণজিত কুমার বড়ুয়া বলেন, রাত সাড়ে নয়টার দিকে পুলিশ বেড়িবাঁধের পাশ থেকে গুলিবিদ্ধ চোরাকারবারি মো. শাহজাহানকে (২৪) তিন হাজার ইয়াবাসহ আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়। শাহজাহানের বাড়ি উখিয়া উপজেলার বালুখালী গ্রামে। শাহজাহান পুলিশকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে তাঁরা টেকনাফ যাচ্ছিলেন। পুলিশের গুলিতে তাঁদের আরও দুই সদস্য আহত হন। তাঁরা পার্শ্ববর্তী ঝাউবনে আত্মগোপন করেছেন।