পুলিশ-চোরাকারবারি বন্দুকযুদ্ধ তিন পুলিশসহ গুলিবিদ্ধ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা ঘেঁষে কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলি গ্রামে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের সঙ্গে চোরাচালানিদের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পুলিশের তিন সদস্য ও চার চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ এ সময় এক হাজার ইয়াবা বড়ি, একটি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ একজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্রের একটি চালান আসার খবর পেয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত্ কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ রাত একটার দিকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকার কেরুনতলি গ্রামের অবস্থান নেয়। রাত দুইটার দিকে ১০-১২ জন চোরাকারবারি বেড়িবাঁধের ওপর সহেন্দজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাঁদের থামতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ২৫-৩০ রাউন্ড গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড পাল্টা গুলি চালায়। এ ঘটনায় টেকনাফ থানার উপপরিদর্শক রাজেশ বড়ুয়া, কনস্টেবল মিহির চন্দ্র ও হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। বন্দুকযুদ্ধে চোরাকারবারি দলের চার সদস্য গুলিবিদ্ধ হলেও পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত্ কুমার বড়ুয়া বলেন, রাত আড়াইটার দিকে পুলিশ বেড়িবাঁধের পাশের একটি জঙ্গল থেকে গুলিবিদ্ধ চোরাকারবারি রমজান আলীকে (২৪) এক হাজার ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি রণজিত্ কুমার বড়ুয়া আরও বলেন, গুলিবিদ্ধ তিন পুলিশ সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হলেও গুলিবিদ্ধ চোরাকারবারি রমজানকে পুলিশ পাহারায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবদুল জব্বারের ছেলে।
এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে পুলিশের ওপর হামলা, মাদক ও অস্ত্র আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে।
রমজান আলী পুলিশকে জানান, মিয়ানমার থেকে ইয়াবা ও অস্ত্রের চালান নিয়ে তাঁদের কক্সবাজার যাওয়ার কথা ছিল।