পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৭৪, প্রতিবাদে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছেন।গত রোববার বিকেলে ভোলা আন্তস্কুল ফুটবল খেলা নিয়ে ওই বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় শিক্ষকসহ আহত হন ৭৪ জন। পুলিশ শিক্ষকসহ ১২ ছাত্রকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতায় রোববার বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে লালমোহন ডাওরি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় ২-১ গোলে পরাজিত হয় ভোলা সরকারি উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের ছাত্ররা মাঠ থেকে বের হয়ে ভোলা সদর থানার সামনে এসে লালমোহন ডাওরি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালায় এবং যানবহন ভাঙচুর করাসহ বিজয়ী দলের ১০ জন খেলোয়াড়কে পিটিয়ে জখম করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। পুলিশ ভোলা সরকারি বালক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আল আমিনসহ চার ছাত্রকে পিটিয়ে থানায় ধরে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্ররা সংঘবদ্ধ হয়ে পুনরায় পুলিশের ওপর দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ ছাত্রদের লাঠিপেটা করে।ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক ও ইংরেজি বিষয়ের শিক্ষক আল আমিন অভিযোগ করেন, উত্তেজিত ছাত্রদের শান্ত করতে গিয়ে শিক্ষকেরা পুলিশের বর্বরোচিত হামলার শিকার হন। পুলিশে নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে তাঁরাসহ ছাত্ররা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ছাত্র ও শিক্ষকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাময়িকভাবে ছাত্র-শিক্ষকদের ধাওয়া করা হয়েছে। তবে এসব ঘটনায় কোনো মামলা হয়নি।