পুলিশ-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে ১৪টি ভোটকেন্দ্রের ফলাফল বাতিলের দাবিতে ডাকা হরতাল চলাকালে গতকাল মঙ্গলবার উপজেলার পুরাতন মুন্সিরহাট বাজারে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে ছাত্রদলের কর্মীরা পুরাতন মুন্সিরহাট বাজার এলাকায় ফেনী-পরশুরাম সড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশের একটি দল সেখানে পৌঁছে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ছাত্রদলের কর্মীরা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের ১৫টি ফাঁকা গুলি ছোড়ে।
ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি-সমর্থিত প্রার্থী ১৪টি ভোটকেন্দ্রের ফল বাতিলের দাবি জানান এবং ভোটকেন্দ্র দখলের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়।