পুলিশ-ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল শনিবার বিকেলে ছাত্রদল-যুবদলের কর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছাত্রদল-যুবদলের কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও দুই শতাধিক গুলি ছোড়ে। এ সময় পুলিশের আট সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল-যুবদল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সোনাগাজী মোহামঞ্চদ ছাবের পাইলট স্কুল মাঠে উপজেলা ছাত্রদলের ছাত্র গণজমায়েত ছিল। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ মোহামঞ্চদ মোশাররফ হোসেন। সভা শুরুর আগে বিকেল চারটার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে ছাত্রদল-যুবদলের কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে—এমন অভিযোগ এনে পুলিশ মিছিলে লাঠিপেটা শুরু করে। এ সময় ছাত্রদল ও যুবদল কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিয়ে ছাত্রদল-যুবদল কর্মীদের ধাওয়া করার চেষ্টা করেন। খবর পেয়ে সভাস্থল থেকে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে। উপজেলা সদরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় অন্তত ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল এবং দুই শতাধিক শটগানের গুলি ছোড়ে। পরে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা সোনাগাজী গিয়ে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রদল-যুবদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল, পরিদর্শক (ওসি-তদন্ত) আরজুন, উপপরিদর্শক (এসআই) মো. মামুন, কনস্টেবল সামছুল হক, মো. হারুন, মো. রফিক ও মো. মফিজ। আহত পুলিশ সদস্যদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সাংসদ মোশাররফ হোসেন বিনা উসকানিতে ছাত্রদল-যুবদলের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানান।
ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগান থেকে দুই শতাধিক গুলি ছুড়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।