পুলিশ-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১২ আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছে। শহরের পৌরবাজার এলাকায় গতকাল শনিবার সকালে ওই সংঘর্ষ হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশের দুই কনস্টেবল মো. শাহজাহান ও আমিরুল ইসলামকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শিবিরকর্মীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কনস্টেবল মো. শাহজাহানের অবস্থা গুরুতর।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে শিবিরকর্মী সন্দেহে ২৩ জনকে আটক করা হলেও ১২ জনকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ছবি তুলতে গেলে পুলিশ আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহবুবুল হাসান চৌধুরীর ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেয় এবং তাঁকে থানাহাজতে শিবিরকর্মীদের সঙ্গে আটকে রাখে। খবর পেয়ে অন্য সাংবাদিকেরা থানায় গিয়ে মাহবুবুল হাসানকে আটকের প্রতিবাদ জানান। এরপর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারীর নির্দেশে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, ছাত্রশিবির গতকাল সকালে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে একটি মিছিল বের করে। শহরের প্রধান সড়কের টাউন হল মোড়, জামে মসজিদ মোড় পার হয়ে মিছিলটি পৌরবাজার এলাকায় যাওয়ার পর শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ইট-পাটকেল ছোড়ে। ইটের আঘাতে পুলিশ কনস্টেবল মো. শাহজাহান ও আমিরুল ইসলামের মাথা ফেটে যায়। এতে পুলিশ মারমুখী হয়ে মিছিলকারীদের লাঠিপেটা করে। ছাত্রশিবিরের মাইজদী শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল বের করেছিলেন। কিন্তু পুলিশ বিনা উসকানিতে ওই মিছিলে হামলা করে। এ সময় মো. রাশেল, আতাউল করিম, সামছুল আলম, গোলাম ছারওয়ার, মাজহারুল ইসলাম, আবদুর রহমান ও তানভির হোসেনসহ শিবিরের ১০ জন কর্মী আহত হন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের কর্মীরা এমনিতেই বেপরোয়া। তারা মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’