পুলিশ ছুটছে কেবল গুজবের পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর ৪ আগস্ট হামলা হয়
  • হামলায় শিশুরা রক্তাক্ত হয়েছিল
  • শিশুদের রক্তাক্ত হওয়ার বিষয়টি ধামাচাপা পড়েছে
  • সরকার-পুলিশ কেউ আহত শিশুদের ব্যাপারে কিছু বলেনি
  • ৩৪ টির মধ্যে ৬টি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলা
  • পুলিশের আলোচনা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ে
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এই যুবকেরা। ধানমন্ডির জিগাতলা, ঢাকা, ৪ আগস্ট। ছবি: প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এই যুবকেরা। ধানমন্ডির জিগাতলা, ঢাকা, ৪ আগস্ট। ছবি: প্রথম আলো

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর ৪ আগস্ট হামলা হয়েছিল। হেলমেটধারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শিশুদের রক্তাক্ত করেছিলেন। ছুড়েছিলেন ফাঁকা গুলি। কিন্তু পুলিশের আলোচনা এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ে। বাংলাদেশের শিশুরা যে রক্তাক্ত হয়েছিল, সে বিষয়টি একরকম ধামাচাপা পড়ে গেছে।

সরকারের শীর্ষ পর্যায় থেকে ধানমন্ডি থানার পুলিশ পর্যন্ত কারও মুখ থেকে গতকাল সোমবার পর্যন্ত আহত শিশু-কিশোরদের ব্যাপারে কিছু বলা হয়নি। যে ৩৪টি মামলা হয়েছে, তার ৬টি হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে, বাকিগুলো দুর্ঘটনা, ভাঙচুর, বেআইনি সমাবেশ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ মামলাগুলো করলেও যাঁরা শিক্ষার্থীদের বেধড়ক পেটালেন, তাঁদের ব্যাপারে মামলা করেনি পুলিশ।

এমনকি গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারীর কাছে হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তাঁর ৫৬ মিনিটের সংবাদ সম্মেলনে জাতীয় শোক দিবস ও ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা কর্মসূচির বাইরে জোরদার বক্তব্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ গুজব ঠেকাতে কী করেছে এবং ভবিষ্যতে কী করবে, তা নিয়ে। শান্তির দেশে কেউ গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তিনি বরদাশত করবেন না বলে জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, যারা গুজব ছড়াচ্ছে, সাইবার প্যাট্রলিং (সাইবার জগতে নজরদারি) করে পুলিশ তাদের শনাক্ত করেছে, মামলা ও গ্রেপ্তার করেছে; কিন্তু সবার সামনে যারা শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের ধরতে পারছে না। মাঠপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলায় হেলমেট পরে, রামদা, লাঠি, কিরিচ, রডসহ যাদের পুলিশের পরিপূরক ভূমিকায় দেখা গেছে, তারা কারা? জানতে চাইলে মো. জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমরা কাউকে ডেকে আনিনি। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের। পুলিশের পরিপূরক সাধারণ মানুষ।’ তবে হামলাকারীরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল সাধারণ মানুষ ছিল কি না, তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। তিনি বলেছেন, কোনো অভিযোগের তদন্ত দ্রুত শেষ হয়ে যায়। কোনোটা দেরিতে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তাঁরা অতিরিক্ত কমিশনারকে দিয়ে কমিটি করে দিয়েছেন। তারা দেখছে।

পুলিশ ছুটছে গুজবের পেছনে
আইজিপি মো. জাবেদ পাটোয়ারী গতকাল সংবাদ সম্মেলনে বলেন, গত ২৯ জুলাই বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে এবং ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। প্রথম দিকে তাদের এই কাজে পুলিশ সহযোগিতা দেয়। তারপর এই আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে যায়। এতে তৃতীয় পক্ষ ঢুকে পড়ে এবং ব্যাপক গুজব ছড়াতে শুরু করে। স্কুল ড্রেস বানানোর হিড়িক পড়ে যায়। ব্যাগের ভেতর পাওয়া যায় পাথর। ছাত্রদের এই আন্দোলন ঘিরে তৃতীয় পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে দাবি করেন তিনি। তারাই গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছে। কয়েকটি আইডি থেকে সে সময় শিক্ষার্থীদের মৃত্যু ও ধর্ষণের কথা ছড়ানো হয়েছিল। তিনি বলেন, ওই সব খবর ছড়াতে বিভিন্ন ঘটনার পুরোনো ছবি ব্যবহার করা হয়েছিল। তিনি তাঁর বক্তব্যের সমর্থনে বেশ কিছু ছবি দেখান।

ধানমন্ডির জিগাতলায় হামলায় আহত এক শিক্ষার্থী। ধানমন্ডির জিগাতলা, ঢাকা, ৪ আগস্ট। ছবি: প্রথম আলো
ধানমন্ডির জিগাতলায় হামলায় আহত এক শিক্ষার্থী। ধানমন্ডির জিগাতলা, ঢাকা, ৪ আগস্ট। ছবি: প্রথম আলো

মো. জাবেদ পাটোয়ারী বলেন, এই গুজবরোধে এখন যা যা করা দরকার, সব করছে পুলিশ। ভবিষ্যতেও করবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) যে যে বিভাগে সাইবার অপরাধ নিয়ে কাজ হয়, তাদের প্রত্যেককে সম্পৃক্ত করে পুলিশ সদর দপ্তরে একটি সেল গঠন করা হচ্ছে। তা ছাড়া দেশের প্রতিটি জেলায় সাইবার নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

সেফাত উল্লাহর মতো যারা বিদেশ থেকে গুজব বা কুৎসা রটাবে, তাদের ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাওয়া হলে আইজিপি বলেন, বিশ্বের যে প্রান্ত থেকে যে-ই এমন গুজব রটাক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে নওশাবা
গুজব ছড়ানোর ঘটনায় গ্রেপ্তারের পর দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয় অভিনেত্রী নওশাবাকে। তাঁর পক্ষে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৪ আগস্ট রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর নওশাবা ডান পা নাড়তে পারছিলেন না। জিজ্ঞাসাবাদে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, নওশাবার মেরুদণ্ডে আগেই অস্ত্রোপচার হয়েছিল। তিনি নিচু জায়গায় বসতে পারেন না ও শক্ত জায়গায় ঘুমাতে পারেন না। হেফাজতের পরিবেশ তাঁর স্বাস্থ্যের অনুকূল নয়। তা ছাড়া তিনি পানিশূন্যতায় ভুগছেন।

গতকাল বিকেলে নওশাবাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত সোয়া ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়।

আট শিক্ষার্থীর জামিন নামঞ্জুর
বাড্ডা থানার একটি মামলায় গ্রেপ্তার রাশেদুল ইসলাম, মুসফিকুর রহমান, হাসান, জাহিদুল হক ও নুর মোহাম্মদ এবং ভাটারা থানার করা মামলায় সাবের আহম্মেদ, শিহাব শাহরিয়ার ও সাখাওয়াত হোসেনের পক্ষে আইনজীবীরা গতকাল তাঁদের জন্য জামিন আবেদন করেন। আট আসামির আইনজীবীরা আদালতকে বলেন, এই ছাত্রদের নাম মামলার এজাহারে নেই। সন্দেহের বশে তাঁদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পায়নি। তাই আসামিরা জামিন পেতে পারেন। রাষ্ট্রপক্ষে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু হানিফ জামিনের বিরোধিতা করে বলেন, তদন্ত চলছে। এ সময় জামিন হলে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা আছে। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিনের আবেদন নাকচ করে দেন। ফলে ২২ শিক্ষার্থীই এখন কারাগারে।