পুলিশ-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৭
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের সাত কর্মীকে আটক করেছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সোনাইমুড়ী কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কর্মীরা হলেন জাহাঙ্গীর আজিজ, হোসাইন আহম্মদ, মো. মাসুম, কেফায়েত উল্লাহ, মো. জুয়েল, ইমাম হোসেন ও সানাউল্লাহ।
স্থানীয় লোকজন জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সোয়া নয়টার দিকে সোনাইমুড়ী ডাক বাংলো এলাকা থেকে জামায়াত-শিবিরের শতাধিক কর্মী-সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এর পর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা। সমাবেশের শেষ মুহূর্তে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পুলিশ শটগান থেকে ছয়টি গুলি ছোড়ে। প্রায় ১৫-২০ মিনিট ধরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানিরা বাজারের দোকানপাট বন্ধ করে দেন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত ও শিবিরের সাতজন কর্মীকে আটক করে।
এ ঘটনায় ইমাম হোসেনসহ (২৫) অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জামায়াত দাবি করেছে। অন্যদের নাম জানানো হয়নি।
উপজেলা জামায়াতের আমির মো. হানিফ প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় এবং সাতজনকে আটক করে নিয়ে যায়।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা অনুমতি না নিয়ে আকস্মিক জঙ্গি মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ এ সময় ছয়টি ফাঁকা গুলি করে এবং সাতজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।