পুলিশ টেলিকম কর্মকর্তা হত্যা মামলায় ছয়জনকে ফাঁসি, দুজনের যাবজ্জীবন
রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম বিভাগের সহকারী হিসাবরক্ষক গোলাম সামছুল হায়দারকে হত্যার দায়ে তিন সহকর্মীসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ ছাড়া দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন, টেলিকম বিভাগের অফিস সহকারী হাফিজুল হোসেন, হিসাবরক্ষক মো. আবদুল লতিফ, সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন সরকার, বাবুল ওরফে তপন চক্রবর্তী, ওয়াসিম ও কাজল মিয়া। যাবজ্জীবন দণ্ড পাওয়া দুই আসামি হলেন ভাড়াটে খুনি শামসুল আলম ও রাজন মিয়া। এ দুজনকে এক লাখ টাকা করে জারিমানা করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। অপর আসামি রানা মিয়া মামলা চলাকালে মারা যাওয়ায় তাঁকে মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।
রায়ের পর গোলাম সামছুল হায়দারের স্ত্রী লায়নুর নাহার আরজুমান হায়দার সন্তোষ প্রকাশ করে বলেন, মামলাটি রাজনৈতিক হত্যা মামলা বিবেচনায় তিনবার প্রত্যাহার করা হয়েছিল। সর্বশেষ ২০১৩ সালে মামলটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের চেষ্টা করা হয়। তবে প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রত্যাহারের আদেশ বাতিল করা হয়।
আট বছর আগে রাজারবাগ পুলিশ টেলিকমের গোলাম সামছুল হায়দারকে রাজধানীর মতিঝিল এলাকায় প্রকাশ্যে হত্যা করা হয়।
কারাগারে থাকা আসামি সামছুল আলম, কাজল মিয়া, ওয়াসিম ও আনোয়ার হোসেনকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি আবদুল লতিফও পলাতক। হাফিজুল হোসেন, তপন চক্রবর্তী ও রাজন মিয়া শুরু থেকে পলাতক।
রায়ে বলা হয়, প্রায় আট বছর আগে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোলাম সামছুল হায়দারকে। এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ৪৫ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হয়েছেন। আদালত সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ছয়জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি আবদুল লতিফ ও হাফিজুল হোসেন রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম কার্যালয়ের এনসি প্যাক ব্যাটারি কেনার জন্য কোটি টাকার একটি ভুয়া বিল ভাউচার এজি অফিসের সুপারিনটেনডেন্টের কাছে জমা দেন। সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন সরকার নিজে উদ্যোগী হয়ে ভ্যাট, ট্যাক্স বাদ দিয়ে মেসার্স হারুন এন্টারপ্রাইজের নামে বিলটি পাস করিয়ে ৯৪ লাখ টাকার একটি চেক দেন, যেটি নিয়েছিলেন ওই প্রতিষ্ঠানের মালিক হারুন অর রশিদ। ২০০৬ সালের মার্চ মাসে রাজধানীর ঈশাখাঁ সড়কের উত্তরা ব্যাংক শাখায় চেকটি নগদায়ন করে আসামিরা টাকা আত্মসাৎ করেন। আসামি হাফিজুলকে সরিয়ে তাঁর জায়গায় নিহত সামছুল হায়দারকে নিয়োগ করা হয়।
এর জের ধরে ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর মতিঝিল এজিবি কলোনির সামনের রাস্তায় ভাড়াটে খুনি দিয়ে সামছুল হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবুল কালাম আজাদ মতিঝিল থানায় এই মামলা করেন। পরে গ্রেপ্তার হওয়া আসামি কাজল, ওয়াসিম, শামসুল আলম আদালতে জবানবন্দি দিয়ে হত্যা ও পরিকল্পনার কথা স্বীকার করেন। ২০০৮ সালের ১৭ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ২৬ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া।