নষ্ট রাজনীতির কারণে স্থানীয় প্রশাসনগুলো, স্থানীয় সরকারের প্রতিনিধিরা, প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। ফলে দেশের বিভিন্ন এলাকায় হজরত আলী ও আয়েশার মতো মানুষদের আত্মাহুতি দিতে হচ্ছে।
গতকাল বুধবার সকালে গাজীপুরের শ্রীপুরে নিহত হজরত আলীর স্ত্রী হালিমা বেগমের খোঁজ নিতে গিয়ে লেখক ও গবেষক সৈয়দ আবুল মুকসুদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গ্রামাঞ্চলে দুর্বল মানুষ বিচার পাচ্ছে না শুধু চলমান নষ্ট রাজনীতির কারণে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু পুলিশ বা কয়েকজন গ্রাম-পুলিশ দিয়ে দুর্বলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীরা যাতে পার পেয়ে না যায়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, মানবাধিকারকর্মী ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান উপস্থিত ছিলেন। পরে তাঁরা অসহায় হালিমাকে সান্ত্বনা দেন এবং রাষ্ট্রের কাছে হালিমাদের কষ্ট বোধগম্য করতে গণমাধ্যমকে আরও স্বতঃস্ফূর্ত ভূমিকা নিতে বলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া এলাকায় শ্লীলতাহানির চেষ্টার বিচার না পেয়ে ক্ষোভে-অভিমানে হজরত আলী তাঁর আট বছরের মেয়ে আয়েশা আক্তারকে সঙ্গে নিয়ে গত ২৯ এপ্রিল সকালে ট্রেনের নিচে আত্মাহুতি দেন। ওই ঘটনার পরপরই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ব্যাপারীকে থানা-পুলিশ গ্রেপ্তার করে।