পুলিশ-ডাকাত গোলাগুলি
খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে গত শুক্রবার রাত নয়টার দিকে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি হয়েছে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বলেন, শুক্রবার রাত আটটার দিকে দক্ষিণডিহি গ্রামের প্রশিকা কার্যালয়ের কাছে আবুল হোসেনের বাড়ির পাশে একটি বাঁশবাগানের মধ্যে ১০-১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাতেরা বেপরোয়া গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতিসহ একাধিক মামলার আসামি বেল্লাল (৩৫) ও আকবরকে (৩০) আটক করে। তাঁদের বাড়ি ফুলতলার যোগিনীপাশা গ্রামে। তাঁদের কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে গেলে ডাকাতেরা আমাদের লক্ষ্য করে ১৩টি গুলি ছোড়ে। আমরা আত্মরক্ষার জন্য সাতটি গুলি ছুড়ি এবং অস্ত্রসহ দুজনকে আটক করেছি। বাকিদের নাম আমরা পেয়েছি। তাদের ধরার চেষ্টা করছি।’