পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ আহত ১০, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় গত শুক্রবার গভীর রাতে পুলিশের সঙ্গে ডাকাতদের চার ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসপিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।পুলিশ ডাকাতদের আস্তানা থেকে বন্দুক ও রিভলবারসহ বেশ কয়েকটি অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে। আটক করা হয়েছে গুলিবিদ্ধ ডাকাত সর্দারসহ তিন ডাকাতকে। উখিয়া থানা সূত্র জানায়, উপজেলার পালংখালী ইউনিয়নের বাঘঘোনা এলাকার পাহাড়ি জঙ্গলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপারের (উখিয়া সার্কেল) নেতৃত্বে ১৫-২০ জন পুলিশ শুক্রবার দিবাগত রাত দুইটায় ওই এলাকায় পৌঁছে ডাকাতদের আস্তানা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। এভাবে থেমে থেমে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা গুলিবিনিময় হয়। ভোর ছয়টার পরে ডাকাতেরা পিছু হটেন। এ সময় পুলিশ ওই আস্তানায় তল্লাশি চালিয়ে ডাকাত সর্দার টেকনাফের শামলাপুরের বাসিন্দা গুলিবিদ্ধ নূর আলম (২৮), টেকনাফের হাতিরঘোনার রিয়াজ উদ্দিন (২৫) ও উখিয়ার পালংখালীর বটতলী গ্রামের কাছিম আলীকে (২৬) আটক করে। আস্তানা থেকে উদ্ধার করা হয় দেশি দুটি লম্বা বন্দুক, একটি রিভলবার, টুটু বোর রাইফেলের দুটি গুলি, তাজা কার্তুজ দুুটি, দুটি কিরিচ ও একটি ছোরা। গুলিবিনিময়ের ঘটনায় সহকারী পুলিশ সুপার রুহুল কবির খান (৩৫), উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম (৪০), উপপরিদর্শক (এসআই) এ বি এম গোলাম কিবরিয়া (৩৮), কনস্টেবল বোরহান উদ্দিন (৩২), রমিজ উদ্দিন (৩০) ও দেবরাজ (৩৮) এবং আনসার সদস্য জসিম উদ্দিন চৌধুরী (৫০) ও মো. জাহেদ (৩৫) আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ডাকাত সর্দার নূর আলমকে গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যরা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন।এ ঘটনায় উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। আটক ডাকাতদের গতকাল কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। বন্দুকযদ্ধকালে পুলিশ ৩০টি গুলি ছুড়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি রফিকুল ইসলাম।এর আগে গত ২৫ জানুয়ারি উখিয়ার মরিচ্যার কচুরীঢালা এলাকায় পুলিশ ও ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।