পুলিশ-ডাকাত সংঘর্ষে গুলিবিদ্ধ সন্দেহভাজন দুই ডাকাত আটক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ডাকাতের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে সাগর হোসেন (৪০) ও বাবলু মিয়া (৩২) নামের দুই ডাকাত গুলিবিদ্ধ হন। পরে তাঁদের আটক করে পুলিশ। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
গুলিবিদ্ধ দুই ডাকাত হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার জামতলী গ্রামের সাগর ও বাউচণ্ডী (কাজীপাড়া) গ্রামের বাবলু।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ী-রংপুর সড়কের নলশীষা সেতুর ওপর গাছ ফেলে দড়ি বেঁধে গত বুধবার রাত ১২টার দিকে ডাকাতি করছিল ১৫-২০ জনের একটি ডাকাত দল। আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে নিয়মিত টহল দল সেখানে গেলে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ১৮টি গুলি করে। সংঘর্ষের খবর পেয়ে নবাবগঞ্জ ও ফুলবাড়ী থেকে পুলিশের দুটি দল এবং নিকটবর্তী কুশদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সায়েম সবুজের নেতৃত্বে ডাকাতদের ধাওয়া করা হয়। এ সময় ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের ধানখেত থেকে পুলিশ সাগর ও বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, করাতসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়ে। সাগর ও বাবলুকে পুলিশ প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত পুলিশের ছয় সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সাগর আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৮টি ডাকাতিসহ নাশকতার মামলা রয়েছে। বাবলু আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধেও একাধিক ডাকাতিসহ নাশকতার মামলা রয়েছে।