পুলিশ ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: জামায়াত
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, বেপরোয়া হামলা, গুলিবর্ষণ, হত্যা ও রিমান্ডে নিয়ে নির্যাতন এবং রাজনৈতিক দলের কার্যালয়ে হানা দিয়ে ভাঙচুর ও আসবাব তছনছ করে পুলিশ ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন। তিনি এতে আরও বলেন, কতিপয় ‘অত্যুৎসাহী’ পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড গোটা পুলিশের মর্যাদা ধ্বংস করে দিচ্ছে।বিবৃতিতে দাবি করা হয়, গত ৫৩ মাসে পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের দুই শতাধিক নেতা-কর্মীকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। এতে বলা হয়, পুলিশ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা, চোখ উপড়ে ফেলা, হাত-পায়ের নখ তুলে ফেলাসহ বিভিন্ন নির্যাতন করেছে। জামায়াতের বিবৃতিতে পুলিশের বিরুদ্ধে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর থেকে দলটির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় অবরুদ্ধ করে রাখা, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সারা দেশে ‘গণহত্যা’ চালিয়ে দুই শতাধিক লোককে হত্যা এবং হাজার হাজার লোককে গুলিবিদ্ধ করার অভিযোগ করা হয়।বিবৃতিতে পুলিশকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ব্যবার করা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।অভিনন্দন ও শোক: এদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল দুটি পৃথক বিবৃতি দিয়েছেন। একটি বিবৃতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়। অপরটিতে তিনি গত ২৮ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত ঠাকুরগাঁও জেলার দাইমুল ইসলাম ও বাগেরহাটের মাকসুমুল হকের মৃত্যুতে গতকাল শোক প্রকাশ করেন।