পুলিশ ডেকে বাল্যবিবাহ ঠেকালেন কলেজছাত্রী
বর-কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক। পড়ে একই স্কুলে নবম শ্রেণিতে। এ বয়সেই প্রেমের সম্পর্ক এবং এর ধারাবাহিকতায় পারিবারিক সম্মতিতে চলছিল বিয়ের আয়োজন। তবে পুলিশের সহযোগিতা নিয়ে তা ঠেকিয়ে দিলেন এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার এক গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী (১৫) এবং তার সহপাঠী ওই ছাত্রের (১৭) মধ্যে প্রেমের সম্পর্ক আছে। বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে গত রোববার সকালে স্কুলছাত্রীকে ছেলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে শুরু হয় বিয়ের আয়োজন। এমন সময় প্রতিবেশীদের কাছ থেকে মুঠোফোনে খবরটি পান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রী সাহিদা আক্তার। পরে শ্রীপুর থানার দুই পুলিশ সদস্যকে নিয়ে বিয়েবাড়িতে হাজির হয়ে দুই পরিবারকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। পরিবারের সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁদের ছেলে-মেয়ের বিয়ে হবে।
শ্রীপুর থানার এসআই আবদুস সালাম বলেন, ১৮ বছরের আগে ওই ছেলে ও মেয়েকে বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দিয়েছেন পরিবারের সদস্যরা। এর আগে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।