পুলিশ তদন্তই শুরু করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মামলা হলেও গতকাল শনিবার পর্যন্ত তদন্তই শুরু হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, সাংসদ দেশের বাইরে আছেন। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস গতকাল প্রথম আলোকে জানান, একজন সাংসদকে গ্রেপ্তার করতে নিয়ম অনুযায়ী স্পিকারের অনুমতি প্রয়োজন। কিন্তু স্পিকারের অনুমতি প্রার্থনার জন্য গতকাল পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ মেলেনি। এ কারণে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহকে গ্রেপ্তারে কোনো তৎপরতা চালানো সম্ভব হয়নি।এ প্রসঙ্গে মামলার বাদী সার্জেন্ট শরীফুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি মামলা করেছি। এখন পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, সেটাই আশা করছি।’গত ৩০ জুন আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে আশুলিয়া বাজারসংলগ্ন সেতুর কাছে কর্তব্য পালনের সময় সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ সাভারের ট্রাফিক সার্জেন্ট মো. শরীফুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় সার্জেন্ট শরীফুল ইসলাম সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় মামলা করেন।