পুলিশ তদন্তকেন্দ্রের কাছে ছিনতাইকারীর গুলিতে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড পুলিশ তদন্তকেন্দ্রের কাছে গত বুধবার রাতে ছিনতাইকারীর গুলিতে ফারুক হোসেন (২৭) নামের পিকআপ ভ্যানের এক চালক আহত হয়েছেন।এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাঁরা হলেন: ইউসুফ আলী (৩৫), সেলিম খান (২৮), হানিফ (২৭), বাকের হোসেন (৪০) ও উজ্জল কুমার দাস (২৫)।সূত্র জানায়, গত বুধবার দুপুরে আকিজ গ্রুপের দুজন বিক্রয়কর্মী সিগারেট সরবরাহকারী একটি পিকআপ ভ্যান নিয়ে হরিরামপুরে যান। তাঁরা বিভিন্ন দোকানে সিগারেট সরবরাহ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়ায় অবস্থিত আকিজ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্দেশে রওনা হন। রাত আটটার দিকে তাঁরা মানিকগঞ্জ-ঝিটকা সড়কের গিলন্ড বাজারে পৌঁছলে একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল তাঁদের পিছু নেয়। গিলন্ড পুলিশ তদন্তকেন্দ্রের কাছাকাছি পৌঁছলে ছিনতাইকারীরা চালককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আহত চালক ফারুক পিকআপ ভ্যানটি ওই সড়কের পাশে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ভেতর নিয়ে যান। ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালক ফারুককে গুলি করেছেন। এ ঘটনায় আকিজ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিপো ইনচার্জ ইব্রাহিম আলী মামলা করেছেন। তিনি জানান, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।