পুলিশ তুলে নেওয়ার পর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে শাহাদাত শেখ (৩৩) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি ইটভাটার পাশের এক জায়গা থেকে গত বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য, এলাকাবাসী ও এক জনপ্রতিনিধি অভিযোগ করেছেন, শাহাদাত ও তাঁর এক ভাগনেকে গত বুধবার বাড়ি থেকে একসঙ্গে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর শাহাদাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। আর তাঁর ভাগনেকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, শাহাদাতের খুনের বিষয়ে তারা কিছু জানে না। তবে তিনি গত মঙ্গলবার রাতে ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাস ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহত শাহাদাত ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে। তিনি ঢাকায় গাড়ি চালাতেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, কানাইপুরের কেবি ব্রিকসের পাশের একটি জায়গায় বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বদরুল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গত বুধবার ইউপি ভবনে কাজ শেষ করে তিনি বিকেল পাঁচটার দিকে পরমান্দপুর বাজার এলাকায় যান। সেখানে প্রচুর লোকের ভিড় দেখতে পেয়ে তিনি এগিয়ে গেলে এলাকাবাসী জানান, পুলিশ শাহাদাত ও তাঁর ভাগনে শরিফুল ইসলামকে (২৪) বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি পরমানন্দপুর-রায়পুর সড়কের দিকে তাকিয়ে দেখি একটি মোটরসাইকেলে করে হাতকড়া পরা অবস্থায় শাহাদাত ও শরিফুলকে নিয়ে যাচ্ছে পুলিশ।’
শাহাদাতের প্রতিবেশী কালাম তালুকদার প্রথম আলোকে বলেন, বুধবার বিকেল ও সন্ধ্যায় শাহাদাতের বাড়িতে দুই দফা অভিযান চালায় পুলিশ। বিকেলে তারা শাহাদাত ও শরিফুলকে ধরে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় এসে শাহাদাতের স্ত্রী সাথী বেগমকে (২৪) আটক করে মারধর করে। এ সময় শাহাদাতের বোন আরজিনা বেগম (৩৫) বাধা দিতে গেলে পুলিশ সদস্যরা তাঁকেও পিটিয়ে গাড়িতে তুলে নিয়ে যান।
শাহাদাতের বোন রোজিনা বেগম বলেন, শাহাদাত ঢাকায় গাড়ি চালান। বাড়িতে আসার পর বুধবার বিকেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে মধুখালী থানার ওসি রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা শাহাদাতের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করতে পারিনি। তবে তাঁর ভাগনে শরিফুল, স্ত্রী সাথী ও বোন আরজিনাকে আটক করা হয়। শাহাদাতের ঘর তল্লাশি করে মঙ্গলবার রাতে ডাকাতি হওয়া বাসের যাত্রীদের ১০টি লাগেজ, সাড়ে চার হাজার টাকার ভারতীয় মুদ্রা, দুটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল জব্দ করা হয়। এ ঘটনায় বোয়ালিয়া এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের সবাইকে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মনির হোসেন বলেন, গুলিতে শাহাদাতের নিহত হওয়ার ঘটনায় স্থানীয় এক চৌকিদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন।