পুলিশ তুলে নেওয়ার পর নুরুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলার পরদিন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কর্মী নুরুল মোড়লের সন্ধান মিলেছে। গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা দেবহাটায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলা কারাগারে।

নুরুল বন্দকাটি গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আশরাদ আলী মোড়লের ছেলে। তাঁকে গত মঙ্গলবার কালীগঞ্জ থানার পুলিশ তুলে নিয়ে যায় বলে স্বজনেরা অভিযোগ করেন। পরদিন বুধবার দুপুরে তাঁর মা মনোয়ারা বেগম সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তবে কালীগঞ্জ থানা-পুলিশ এই অভিযোগ অস্বীকার করে আসছিল।

 এ ঘটনায় ‘আমার ছেলেকে দিনদুপুরে তুলে নিয়ে গেছে পুলিশ: সংবাদ সম্মেলনে মায়ের দাবি’, শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।

গতকাল শুক্রবার জানতে চাইলে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ২ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় দেবহাটায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় তাঁর মা মিনা বেগম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুজ্জামান ও সখীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে বন্দকাটি গ্রামের নুরুল মোড়লকে গত বুধবার রাতে উপজেলার নলতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল নুরুলের মা মনোয়ারা বেগম বলেন, তাঁর ছেলে নুরুলকে মঙ্গলবার গোয়ালঘেসিয়া নদীর চরে নিজের মাছের ঘেরের বাসা থেকে গামছা দিয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে শতাধিক গ্রামবাসীর সামনে পুলিশ ভ্যানে তুলে কালীগঞ্জ থানায় নিয়ে যায়। তিনি কালীগঞ্জ থানায় গেলে নুরুলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরদিন কালীগঞ্জ থানার ওসি বলেন, নুরুলকে তাঁরা গ্রেপ্তার করেননি। আসলে পুলিশ তাঁর ছেলেকে গ্রেপ্তার করে লুকিয়ে রেখেছিল। তাঁরা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলে ছেলেকে সুস্থ অবস্থায় উদ্ধারের আবেদন করেন। এ ছাড়া পরদিন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ নুরুলকে পাশের থানা-পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার গোপনে নুরুলকে পাশের উপজেলার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনের পর জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি সুবীর দত্ত বলেছিলেন, ‘নুরুল মোড়লকে গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান চালিয়েছিলাম। কিন্তু তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

গতকাল জানতে চাইলে ওসি সুবীর দত্ত বলেন, তিনি শুনেছেন, আওয়ামী লীগের এক নেতাকে হত্যাচেষ্টা মামলায় নুরুলকে দেবহাটা থানা-পুলিশ গ্রেপ্তার করেছে।