পুলিশ থামিয়ে দিল শফী ও বাবুনগরীকে
চট্টগ্রামের হাটহাজারী থেকে আজ সোমবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী। পুলিশের বাধায় আসতে পারেননি।
আগামীকাল মঙ্গলবার হেফাজতের মহাসমাবেশে অংশ নেওয়ার জন্য ঢাকার উদ্দেশে হেফাজতের ওই দুই নেতা রওনা হয়েছিলেন।
জুনায়েদ বাবুনগরী দাবি করেন, পুলিশি বাধার কারণে তাঁরা ঢাকায় আসতে পারেননি।
পুলিশের ভাষ্য, দেশের অবরোধ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে তাঁদের ঢাকায় না যেতে অনুরোধ করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে বাবুনগরী দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে রওনা হন শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরী। তাঁরা মাদ্রাসার ফটক থেকে বের হওয়ার পর হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজামউদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইলসহ পুলিশের ৫০ জনের একটি দল তাঁদের থামায়। তাঁরা এই অবরোধ পরিস্থিতিতে ঢাকায় না যাওয়ার জন্য হেফাজতের এ দুই শীর্ষ নেতার প্রতি অনুরোধ করেন। পুলিশের অনুরোধ মেনে নিয়ে তাঁরা মাদ্রাসার ভেতর ফিরে যান।
এ ঘটনার পর দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় এক ব্রিফিংয়ে জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, ‘পুলিশের বাধার মুখে আমরা আজ ঢাকায় যেতে পারিনি।’
হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা যেতে পুলিশ বাধা দিয়েছে—এমন খবর পেয়ে হাজারো ছাত্র উত্তেজিত হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। পরে জুনায়েদ বাবুনগরীর নির্দেশে তাঁরা মাদ্রাসার ফিরে যান। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।