পুলিশ দায়িত্ব নেবে না!
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগর গ্রামের মেধাবী এক ছাত্রী (১২) অপহরণের ১১ দিন পেরিয়ে গেছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশের কোনো তত্পরতাও নেই। তারা অপহরণকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উেকাচ নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান উেকাচ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলছাত্রী উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশকে তত্পর রাখা হয়েছে। ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার করতে না পারলে তার ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবে—এ প্রশ্ন করা হলে ওসি বলেন, ‘পুলিশ এ দায়িত্ব নেবে না। এ দায়িত্ব আপনারাই নেবেন।’পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা যায়, সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাজিতনগর গ্রামের অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তার ওই মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী। সে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে একদিন সে চিকিৎসক বা প্রকৌশলী হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু তাঁদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে দাউদিয়ারপাড়া গ্রামের আনিছ মণ্ডল। আনিছ তার দলবল নিয়ে ১৭ এপ্রিল তাকে অপহরণ করে নিয়ে যায়। বগুড়া জেলার সোনাতলা উপজেলার দাউদিয়ারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনিছ মণ্ডল দীর্ঘদিন ধরে মেয়েটিকে প্রেম নিবেদন করে আসছিল। ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের পথে সে তাকে উত্ত্যক্ত করত। একসময় সে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু প্রস্তাবে সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আনিছ মণ্ডল।ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশে মুদি দোকানে কেরোসিন কিনতে যাওয়ার সময় দোকানসংলগ্ন রাস্তায় ওত পেতে থাকা আনিছ মণ্ডল ও তার লোকজন ওই ছাত্রীর পথরোধ করে। তারা ধারালো অস্ত্র ও হত্যার ভয় দেখিয়ে একটি অটোরিকশায় করে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা ২০ এপ্রিল দুপুরে সাঘাটা থানায় অভিযোগ করেন, কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে অভিযোগ দায়েরের এক দিন পর ২১ এপ্রিল ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ ধারায় অপহরণ মামলা (মামলা নম্বর ২১) করা হয়। কিন্তু গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ছাত্রী উদ্ধার হয়নি।বাদী বলেন, ‘গত বছরের জুলাই মাসে এই চক্র আমার মেয়েকে অপহরণের হুমকি দেয়। সে সময় এ বিষয়ে সাঘাটা থানায় জিডি (নম্বর ৮৬৬, তারিখ ২৫ জুলাই ২০০৯) করা হয়। কিন্তু পুলিশ কোনো ভূমিকা রাখেনি। ওই ছাত্রীকে উদ্ধারে তত্পর নয় পুলিশ। উল্টো অপহরণকারীরা মামলা তুলে নেওয়ার জন্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।’ পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আপনারা অপহরণকারীর অবস্থান সম্পর্কে পুলিশকে জানান। তারা দেশের যেখানেই থাকুক, পুলিশ পাঠিয়ে তাদের গ্রেপ্তার ও অপহূত ছাত্রীকে উদ্ধার করা হবে।’