পুলিশ দিয়ে ‘দলীয় প্রার্থী’ খুঁজছে স্বাস্থ্য বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগেই জয়পুরহাটের কালাইয়ে চাকরিপ্রার্থীদের ব্যাপারে আগাম পুলিশি তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে কেবল চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সম্পর্কে ‘গোপনীয় পুলিশি তথ্য যাচাই প্রতিবেদন’ নেওয়া হলেও এবার চূড়ান্ত ফল প্রকাশের আগেই পুলিশকে দিয়ে তথ্য যাচাই প্রতিবেদন নেওয়া হচ্ছে। প্রার্থীর আনুষঙ্গিক তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁর পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা এবং দলীয় পরিচয়ের ব্যাপারেও পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ উদ্যোগকে স্বাস্থ্য বিভাগের ‘দলীয় প্রার্থী’ খুঁজে বের করার কৌশল হতে পারে বলে চাকরিপ্রত্যাশীরা আশঙ্কা করছেন।স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং প্রার্থীদের সূত্রে জানা গেছে, গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলো চালু করতে সমপ্রতি স্বাস্থ্য বিভাগ একটি প্রকল্প নেয়। ‘রিভাইটালাইজেশন অব হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ নামে এই প্রকল্পের অধীনে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অস্থায়ী ভিত্তিতে একজন করে স্বাস্থ্যকর্মী (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) নিয়োগের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে গত বছরের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কালাই উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী পদে কয়েক শ প্রার্থী আবেদন করেন। কিছুদিন আগে তাঁদের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ২-৪ এপ্রিল সম্পন্ন হয়। তবে এখনো ফল প্রকাশ করা হয়নি।নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থী অভিযোগ করেন, মৌখিক পরীক্ষার ফলাফলই এখনো প্রকাশ করা হয়নি। অথচ পুলিশি তথ্য যাচাইয়ের নামে সব প্রার্থীকেই যাবতীয় তথ্য দিতে থানায় ডেকে নিচ্ছে। থানায় গিয়ে প্রার্থীদের পুলিশের কাছে পৌঁছে দিতে হচ্ছে দুই কপি ছবি, নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আনুষঙ্গিক সব কাগজপত্র। প্রার্থীরা অভিযোগ করেন, এ সুযোগে ‘দলীয় পরিচয়’ সম্পর্কে তথ্য পাঠানোর কথা বলে পুলিশ কোনো কোনো প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করছেন। স্থানীয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কাছ থেকে নিজের ও পরিবারের সদস্যদের দলীয় পরিচয় সম্পর্কে প্রত্যয়নপত্র নিতে প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়ছেন। প্রার্থীরা এসব প্রত্যয়নপত্র পুলিশের কাছে জমা দিচ্ছেন। পুলিশের কাছে নিজেকে আওয়ামী লীগের সমর্থক বা সদস্য প্রমাণে প্রার্থীরা জোর চেষ্টা চালাচ্ছেন। অনেক প্রার্থীই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যেভাবে খুঁটে খুঁটে রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ তথ্য নিচ্ছে তাতে মনে হচ্ছে, স্বাস্থ্য বিভাগ পুলিশকে দিয়ে ‘দলীয় প্রার্থী’ খোঁজার কৌশল নিয়েছে। আর তা না হলে ‘দলীয় পরিচয়’ সম্পর্কে তথ্য সংগ্রহের ধুয়া তুলে পুলিশ প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বাণিজ্যে নেমেছে।’দলীয় পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহের সত্যতা স্বীকার করে কালাই থানার উপপরিদর্শক মো. তহসেনুজ্জামান বলেন, ‘শুধু রাজনৈতিক পরিচয় নয়, প্রার্থীদের আদ্যোপান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ছবিসহ আনুষঙ্গিক কাগজপত্র জমা নেওয়ার পাশাপাশি কেউ নিজেকে রাজনৈতিক দলের নেতা-কর্মী কিংবা রাজনৈতিক পরিবারের সন্তান দাবি করলে দাবির সমর্থনে সংগঠনের রেজ্যুলেশন কিংবা অন্য সব প্রমাণপত্রও জমা নেওয়া হয়েছে।’তবে থানার দ্বিতীয় কর্মকর্তা সেলিম মালিক দাবি করেন, ‘অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ যেসব তথ্য-যাচাই করে, স্বাস্থ্য বিভাগে নিয়োগ পেতে যাওয়া প্রার্থীদের বেলায়ও সেসব তথ্যই যাচাই করছে পুলিশ। দলীয় পরিচয়ের ব্যাপারে তথ্য পাঠাতে পুলিশকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’ কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বলেন, পুলিশের বিরুদ্ধে এখনও কেউ টাকা নেওয়ার অভিযোগ করেনি। তবুও বিষয়টি খতিয়ে দেখব।জয়পুরহাটের সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ‘সরকারি সিদ্ধান্তেই কমিউনিটি ক্লিনিকে চাকরিপ্রত্যাশীদের আগাম পুলিশি প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। চূড়ান্ত ফল প্রকাশের আগে তথ্য যাচাইয়ের নামে পুলিশকে দিয়ে “দলীয় প্রার্থী” খোঁজা হচ্ছে এমনটা মনে হয় না।’ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকগুলোতে স্বাস্থ্যকর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সরকারদলীয় লোকজনদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা গণমাধ্যমে ব্যাপক আলোচিত হন।